Saturday, May 2, 2015

এবারই প্রথম তুমি - নির্মেলন্দু গুণ



ভুলে যাও তুমি পূর্বেও ছিলে 
মনে করো এই বিশ্ব নিখিলে 
এবারই প্রথম তুমি। 

এর আগে তুমি কোথাও ছিলে না 
ছিলে না আকাশে, নদী জলে ঘাসে 
ছিলে না পাথরে ঝর্ণার পাশে। 
এবারই প্রথম তুমি। 

এর আগে তুমি কিছুতে ছিলে না। 
ফুলেও ছিলে না, ফলেও ছিলে না 
নাকে মুখে চোখে চুলেও ছিলে না। 
এবারই প্রথম তুমি। 

এর আগে তুমি এখানে ছিলে না 
এর আগে তুমি সেখানে ছিলে না 
এর আগে তুমি কোথাও ছিলে না। 
এবারই প্রথম তুমি। 

রাতের পুণ্য লগনে ছিলে না 
নীল নবঘন গগনে ছিলে না। 
এবারই প্রথম তুমি। 

এর আগে তুমি তুমিও ছিলে না। 
এবারই প্রথম তুমি। 

টেলিফোনে প্রস্তাব - নির্মেলন্দু গুণ

আমি জানি, আমাদের কথার ভিতরে এমন কিছুই নেই, 
অনর্থ করলেও যার সাহায্যে পরস্পরের প্রতি আমাদের 
দুর্বলতা প্রমাণ করা সম্ভব। আমিও তো তোমার মতোই 
অসম্পর্কিত-জ্ঞানে এতদিন উপস্থাপন করেছি আমাকে। 
তুমি যখন টেলিফোন হয়ে প্রবেশ করেছো আমার কর্ণে- 
আমার অপেক্ষাকাতর হৃৎপিণ্ডের সামান্য কম্পনও আমি 
তোমাকে বুঝতে দিই নি। দুর্বলতা ধরা পড়ে যায় পাছে। 

তুমিও নিষ্ঠুর কম নও, তুমি বুঝতে দাওনা কিছু। জানি, 
আমার কাছেই তুমি শিখেছিলে এই লুকোচুরি করা খেলা। 
কিন্তু এখন, যখন ক্রমশ ফুরিয়ে আসছে আমাদের বেলা, 
তখন ভেতরের চঞ্চলতাকে আমরা আর কতটা লুকাবো? 
অস্ত যাবার আগে প্রবল সূর্যও চুম্বন করে পর্বত শিখর, 
আর আমরা তো দুর্বল মানুষ, মিলনে বিশ্বাসী নর-নারী। 
কার ভয়ে, কী প্রয়োজনে আমরা তাহলে শামুকের মতো 
স্পর্শমাত্র ভিতরে লুকাই আমাদের পল্লবিত বাসনার শূঁড়। 

তার চেয়ে চল এক কাজ করি, তুমি কান পেতে শোনো, 
তুমি শুধু শোনো, আর আমি শুধু বলি, বলি, ভালবাসি। 

পূর্ণিমার মধ্যে মৃত্যু -নির্মেলন্দু গুণ

একদি চাঁদ উঠবে না, সকাল দুপুরগুলো 
মৃতচিহ্নে স্থির হয়ে রবে; 
একদিন অন্ধকার সারা বেলা প্রিয় বন্ধু হবে, 
একদিন সারাদিন সূর্য উঠবে না। 

একদি চুল কাটতে যাব না সেলুনে 
একদিন নিদ্রাহীন চোখে পড়বে ধুলো। 
একদিন কালো চুলগুলো খ’সে যাবে, 
কিছুতেই গন্ধরাজ ফুল ফুটবে না। 

একদিন জনসংখ্যা কম হবে এ শহরে, 
ট্রেনের টিকিট কেটে 
একটি মানুষ কাশবনে গ্রামে ফিরবে না। 
একদিন পরাজিত হবো। 

একদিন কোথাও যাব না, শূন্যস্থানে তুমি 
কিম্বা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স। 
একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে 
পূর্ণিমার রাত্রে মরে যাব। 

শুধু তোমার জন্য - নির্মেলন্দু গুণ

কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে 
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন। 
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও 
কতবার যে আমি সে কথা বলিনি 
সে কথা আমার ঈশ্বর জানেন। 
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য 
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম 
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ 
‘এই ওঠো, 
আমি, আ…মি…।‘ 
আর অমি এ-কী শুনলাম 
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে 
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে 
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন। 
আমার চুল পেকেছে তোমার জন্য, 
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য, 
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য। 
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে, 
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য। 

মানুষ - নির্মেলেন্দু গুণ

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম, 
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়, 
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় । 

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, 
গাছের মতো দাঁড়িয়ে থাকি। 
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, 
অনেকদিন বরফমাখা জল খাই না । 
কী করে তfও বেঁচে থাকছি, ছবি আঁকছি, 
সকালবেলা, দুপুরবেলা অবাক করে 
সারাটা দিন বেঁচেই আছি আমার মতে । অবাক লাগে । 

আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, 
বাড়ি থাকতো, ঘর থাকতো, 
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, 
পেটের পটে আমার কালো শিশু আঁকতো । 

আমি হয়তো মানুষ নই, 
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন ? 
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে, 
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, 
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে 
ভালোবাসার কথা দিলেই কথা রাখবে । 

মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো , 
বাবা থাকতো, বোন থাকতো, 
ভালোবাসার লোক থাকতো, 
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো । 

আমি হয়তো মানুষ নই, 
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা 
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত 
বেঁচে থাকাটা আর হতো না । 

মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় ; 
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই, 
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি । 

Tuesday, March 3, 2015

যে পায় সে পায় – আহসান হাবীব

তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে।
তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম
ভালোবাসা ভালোবাসা বলে
দাঁড়ালে দু’হাত পেতে
ফিরিয়ে দিলেই
বুঝতে পারি ভালোবাসা আছে।
না না বলে ফেরালেই
বুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো।
না না বলে ফিরিয়ে দিলেই
ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়
সুসজ্জিত ঘরবাড়ি
সখের বাগান
সভামঞ্চে করতালি
জয়ধ্বনি পুষ্পার্ঘ্য ইত্যাদি
সব ফেলে
তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে
তোমাকে না পেলে, জানি
যে পায়, সে পায়
কি অমূল্য ধন।

Thursday, February 19, 2015

বাঁচবে না কবির হৃদয় - মহাদেব সাহা (কোথা সেই প্রেম, কোথা সে বিদ্রোহ)

তোমার দেখা না পেলে একটিও কবিতা হবে না
দুই চোখ কোথাও পাবে না খুঁজে একটি উপমা,
কবিতার পান্ডুলিপি হবে দগ্ধ রুক্ষ মরুময়
তোমার দেখা না পেলে কাটবে না এই দু:সময়।
তোমার দেখা না পেলে সবখানে গোলযোগ হবে
দুর্ঘটনা,যানজট,বিশৃঙ্খলা বাড়বে কেবল,
সর্বত্র বাড়বে রোগ,অনাবৃষ্টি আর দীর্ঘ খরা
প্রত্যহ বাধবে শুধু কলহ-কোন্দল আর যুদ্ধ-হানাহানি
তোমার দেখা না পেলে হবে শুষ্ক এই জলাশয়,
তোমার দেখা না পেলে বাঁচবে না কবির হৃদয়।